কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের জন্য বৈধভাবে প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের সুযোগ দিতে ‘কনটেন্ট মার্কেটপ্লেস’ চালুর পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান Amazon। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম The Information–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন ইতোমধ্যে কয়েকটি বড় প্রকাশনা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে এআই মডেল প্রশিক্ষণের জন্য একটি কেন্দ্রীয় কনটেন্ট হাব বা মার্কেটপ্লেস তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এই প্ল্যাটফর্ম চালু হলে সংবাদপত্র, অনলাইন পোর্টাল, ম্যাগাজিন ও অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠান তাদের কনটেন্ট নির্ধারিত লাইসেন্স ও শর্তের ভিত্তিতে এআই কোম্পানিগুলোর কাছে সরবরাহ করতে পারবে।
বিশ্লেষকদের মতে, আলাদা লাইসেন্সিং মার্কেটপ্লেস চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো অর্থের বিনিময়ে নির্ভরযোগ্য ও বৈধ তথ্য ব্যবহার করতে পারবে। এতে কপিরাইট–সংক্রান্ত বিরোধ কমবে এবং প্রকাশকেরাও নতুন আয়ের উৎস পাবে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যামাজন। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রকাশকদের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং নতুন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ চলমান আছে। তবে নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, জেনারেটিভ এআই প্রযুক্তির বিস্তারের পর থেকেই প্রকাশক ও বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কনটেন্ট ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ চলছে। বর্তমানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) প্রশিক্ষণের জন্য ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে প্রকাশকদের অনুমতি ছাড়া তাদের কনটেন্ট ব্যবহার করা হয়েছে।
এই প্রেক্ষাপটে কয়েকটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যামাজনের সম্ভাব্য কনটেন্ট মার্কেটপ্লেস চালু হলে এআই শিল্পে কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে একটি কাঠামোবদ্ধ ও স্বচ্ছ পদ্ধতি প্রতিষ্ঠিত হতে পারে, যা প্রযুক্তি ও গণমাধ্যম—উভয় খাতের জন্যই ইতিবাচক হবে।

