বর্তমান ডিজিটাল জীবনে ই–মেইল আমাদের দৈনন্দিন কাজের অপরিহার্য অংশ। অফিসের যোগাযোগ, অনলাইন সেবা, সোশ্যাল মিডিয়া বা ই-কমার্স—সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে Gmail। তবে প্রয়োজনীয় মেইলের পাশাপাশি ইনবক্সে জমে যায় বিপুল পরিমাণ অপ্রয়োজনীয় ও বিরক্তিকর বার্তা—যার বড় অংশই স্প্যাম বা প্রচারণামূলক ই–মেইল।
এই অতিরিক্ত মেইল শুধু ইনবক্সকে ভারীই করে না, বরং গুরুত্বপূর্ণ মেইল খুঁজে পাওয়া কঠিন করে তোলে এবং বাড়িয়ে দেয় সাইবার ঝুঁকি। বিশেষ করে ‘মেইলবম্বিং’ নামের এক ধরনের আক্রমণ এখন অনেক ব্যবহারকারীর জন্য বড় মাথাব্যথা হয়ে উঠছে।
স্প্যাম ই–মেইল কী এবং কেন ঝুঁকিপূর্ণ?
স্প্যাম ই–মেইল হলো এমন বার্তা, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়া পাঠানো হয়। এগুলোর মধ্যে থাকতে পারে—
- ভুয়া অফার বা লটারি জেতার প্রলোভন
- অচেনা ওয়েবসাইটের প্রচারণা
- ফিশিং লিংক (যা ক্লিক করলে তথ্য চুরি হতে পারে)
অনেক ক্ষেত্রে এই মেইলগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা লগইন ডেটা চুরি করার জন্য তৈরি করা হয়।
কীভাবে স্প্যাম শনাক্ত ও নিয়ন্ত্রণ করবেন
Gmail-এ স্প্যাম নিয়ন্ত্রণ করা বেশ সহজ। কিছু কার্যকর পদ্ধতি নিচে তুলে ধরা হলো—
১. ‘রিপোর্ট স্প্যাম’ ব্যবহার করুন
যেকোনো সন্দেহজনক বা অপ্রাসঙ্গিক ই–মেইল নির্বাচন করে ‘Report Spam’ অপশনে ক্লিক করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম ফোল্ডারে চলে যাবে। এতে ভবিষ্যতে একই ধরনের মেইল কম আসবে।
২. পরিচিত ই–মেইল থেকেও সতর্ক থাকুন
অনেক সময় হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে পরিচিত নাম ব্যবহার করে স্প্যাম পাঠানো হয়। এমন মেইলে অস্বাভাবিক লিংক বা ভাষা থাকলে কোনোভাবেই রিপ্লাই বা ক্লিক করবেন না। প্রয়োজনে সেটিকে ‘Suspicious’ হিসেবে রিপোর্ট করুন।
৩. অবাঞ্ছিত প্রেরককে ব্লক করুন
কোনো নির্দিষ্ট প্রেরকের কাছ থেকে বারবার বিরক্তিকর মেইল এলে সরাসরি ব্লক করা সবচেয়ে ভালো সমাধান। মেইলের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘Block’ অপশন নির্বাচন করলেই হবে।
মেইলবম্বিং: নতুন ধরনের সাইবার হুমকি
মেইলবম্বিং হলো এমন একটি সাইবার আক্রমণ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার ই–মেইল পাঠিয়ে ইনবক্সকে অচল করে দেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ মেইল খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এর লক্ষণগুলো হলো—
- হঠাৎ করে অসংখ্য সাবস্ক্রিপশন বা প্রচারণামূলক মেইল আসা
- অচেনা ওয়েবসাইট থেকে একসঙ্গে বহু নোটিফিকেশন পাওয়া
Gmail সাধারণত এমন অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেয়। এই সতর্কবার্তা দেখলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
নিরাপদ থাকতে আরও কিছু পরামর্শ
- অচেনা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন
- সন্দেহজনক অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না
- নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন
- টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখুন
ডিজিটাল নিরাপত্তায় সচেতনতা জরুরি
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার ঝুঁকি। তাই শুধু উন্নত প্রযুক্তির ওপর নির্ভর না করে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।
সঠিকভাবে স্প্যাম নিয়ন্ত্রণ এবং নিরাপদ ই–মেইল ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা সম্ভব। নিয়মিত ইনবক্স পরিষ্কার রাখা এবং সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করাই হতে পারে নিরাপদ ডিজিটাল জীবনের প্রথম ধাপ।

