দেশের স্মার্টফোন বাজারে নতুন দুটি শক্তিশালী মডেল উন্মোচন করেছে Infinix। ‘Infinix Note 60’ এবং ‘Infinix Note 60 Pro’ নামের এই দুটি স্মার্টফোনে আধুনিক প্রসেসর, উন্নত কুলিং প্রযুক্তি এবং বড় ব্যাটারি যুক্ত করা হয়েছে। ফলে গেমিং, মাল্টিটাস্কিং এবং উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা দ্রুত ও মসৃণ অভিজ্ঞতা পাবেন বলে জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন স্মার্টফোন দুটিতে শক্তিশালী ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ইনফিনিক্স নোট ৬০ মডেলে রয়েছে MediaTek Dimensity 7400 5G প্রসেসর, আর নোট ৬০ প্রো সংস্করণে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 5G প্রসেসর। উন্নত এই প্রসেসরের কারণে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার, গেম খেলা কিংবা ভিডিও স্ট্রিমিংয়ের মতো কাজ সহজেই করতে পারবেন।
ফোন দুটিতে উন্নত তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার, যা দীর্ঘ সময় গেম খেলা বা ভারী অ্যাপ ব্যবহারের সময় ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। ফলে পারফরম্যান্স স্থিতিশীল থাকে এবং ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করতে পারেন।
ডিজাইন ও টেকসই দিক থেকেও নতুন মডেল দুটি বেশ শক্তিশালী। ফোন দুটির পর্দা সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass। পাশাপাশি আইপি৬৫ মানের সুরক্ষা প্রযুক্তি থাকায় ধুলাবালি এবং হালকা পানির ছিটা থেকেও ফোনগুলো সুরক্ষিত থাকবে।
ব্যাটারি সক্ষমতার দিক থেকেও নতুন এই স্মার্টফোনগুলো ব্যবহারকারীদের দীর্ঘ সময়ের সুবিধা দেবে। ফোন দুটিতে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বড় ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জ করলে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। পাশাপাশি এতে রয়েছে ৯০ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা, যার ফলে অল্প সময়ের মধ্যেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা সম্ভব। বিশেষ করে ভ্রমণ বা দীর্ঘ সময় বাইরে থাকার সময় এই সুবিধা ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হবে।
ডিসপ্লের ক্ষেত্রেও নতুন প্রযুক্তি ব্যবহার করেছে ইনফিনিক্স। ফোন দুটিতে রয়েছে ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা স্ক্রলিংয়ের সময় মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। পাশাপাশি সর্বোচ্চ ৪ হাজার ৫০০ নিট উজ্জ্বলতা থাকায় তীব্র রোদেও স্ক্রিনে থাকা তথ্য পরিষ্কারভাবে দেখা সম্ভব।
ফটোগ্রাফির জন্য ফোন দুটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ব্যবহারের ফলে কম আলোতেও স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের বাজারে ইনফিনিক্স নোট ৬০ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং নোট ৬০ প্রো মডেলের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। নতুন এই সিরিজের স্মার্টফোনগুলো তরুণ ব্যবহারকারী, গেমার এবং উচ্চ পারফরম্যান্সের স্মার্টফোন খুঁজছেন এমন গ্রাহকদের লক্ষ্য করেই বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

