ব্যক্তিগত কিংবা অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে বহুল ব্যবহৃত একটি মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য বার্তা, ছবি, ভিডিও, ডকুমেন্টসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আদান–প্রদান করেন ব্যবহারকারীরা। কিন্তু অনেক সময় স্মার্টফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার মতো ঘটনায় এসব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপের তথ্য গুগল ড্রাইভে ব্যাকআপ রাখলে এ সমস্যার সহজ সমাধান পাওয়া যায়। একবার গুগল ড্রাইভে ব্যাকআপ চালু করা থাকলে নতুন ফোনে একই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চালু করলেই আগের সব বার্তা, ছবি ও ভিডিও সহজেই পুনরুদ্ধার করা সম্ভব।
ব্যাকআপ চালুর আগে যা প্রয়োজন
গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের বার্তা ও মিডিয়া ফাইল সংরক্ষণ করতে হলে স্মার্টফোনে একটি সক্রিয় গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। পাশাপাশি ফোনে গুগল প্লে সার্ভিসেস ইনস্টল ও সক্রিয় থাকতে হবে। এই দুটি শর্ত পূরণ থাকলেই ব্যবহারকারীরা সহজেই স্বয়ংক্রিয় ব্যাকআপ সুবিধা চালু করতে পারবেন।
যেভাবে গুগল ড্রাইভে ব্যাকআপ চালু করবেন
হোয়াটসঅ্যাপের তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সংরক্ষণ করতে প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে হবে। এরপর অ্যাপের ডান পাশে ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে।
সেখান থেকে Settings অপশনে গিয়ে Chats নির্বাচন করতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে Chat Backup অপশনে প্রবেশ করতে হবে। এখানে Google Account নির্বাচন করে যে গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ রাখতে চান, সেটি যুক্ত করতে হবে।
এরপর Backup Frequency বা ব্যাকআপের সময়সূচি নির্ধারণ করতে হবে। ব্যবহারকারীরা চাইলে প্রতিদিন, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ব্যাকআপ নেওয়ার সময় ঠিক করে দিতে পারেন। কেউ চাইলে নির্দিষ্ট সময় অন্তরও ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা করতে পারেন।
ব্যাকআপে ভিডিও ফাইলও রাখতে চাইলে Include Videos অপশনের পাশের টগলটি চালু করতে হবে। তবে এতে গুগল ড্রাইভের বেশি স্টোরেজ ব্যবহার হতে পারে বলে প্রযুক্তিবিদরা সতর্ক করে থাকেন।
গুগল অ্যাকাউন্ট পরিবর্তনের সুবিধা
অনেক সময় ব্যবহারকারীরা ব্যাকআপের জন্য ব্যবহৃত গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান। হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা রয়েছে। এ জন্য আবার তিনটি ডট মেনুতে গিয়ে Settings → Chats → Chat Backup অপশনে যেতে হবে।
সেখানে Google Account অপশন থেকে Add Account নির্বাচন করে নতুন গুগল অ্যাকাউন্টের তথ্য দিয়ে সাইন ইন করতে হবে। এরপর নতুন অ্যাকাউন্টে ব্যাকআপ নেওয়ার সময়সূচি নির্ধারণ করা যাবে।
স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হবে তথ্য
যদি ব্যাকআপের সময়সূচি প্রতিদিন নির্ধারণ করা থাকে, তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে—সাধারণত রাতের দিকে—স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের সব বার্তা, ছবি ও ভিডিও সংরক্ষণ করা হবে। ফলে ফোন নষ্ট হওয়া বা নতুন ফোন ব্যবহারের সময়ও ব্যবহারকারীরা আগের তথ্য সহজেই ফিরে পাবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য সুরক্ষিত রাখতে নিয়মিত ব্যাকআপ রাখা এখন অত্যন্ত জরুরি। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগমাধ্যমে থাকা ব্যক্তিগত ও পেশাগত তথ্য নিরাপদ রাখতে গুগল ড্রাইভ ব্যাকআপ ব্যবহার করা একটি কার্যকর সমাধান।

