বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে কাজ করা সংগঠন Junior Chamber International Bangladesh-এর অন্যতম সক্রিয় স্থানীয় চ্যাপ্টার JCI Dhaka Dynamic তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬ সালের নেতৃত্ব নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছে। ঢাকার অল কমিউনিটি ক্লাব লিমিটেড (ACCL)-এ আয়োজিত এই সভায় নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি সংগঠনের সারাবছরের কার্যক্রম তুলে ধরা হয়।
সভায় জেসিআই ঢাকা ডায়নামিকের সাধারণ সদস্য, সিনিয়র লিডার, প্রতিষ্ঠাতা সদস্য এবং জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছ নেতৃত্ব নির্বাচনের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।
এজিএম-এর মূল আকর্ষণ ছিল ২০২৬ সালের লোকাল বোর্ড নির্বাচন। শান্তিপূর্ণ ও সর্বসম্মতিক্রমে অনুষ্ঠিত নির্বাচনে আর্কিটেক্ট Arupa Datta ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। একই সঙ্গে মোঃ মোসাব্বির হোসেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), মাহিম এজাজ ভাইস প্রেসিডেন্ট এবং কানিজ ইসমত জেরিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট অরূপা দত্ত তাঁর বক্তব্যে বলেন, জেসিআই ঢাকা ডায়নামিক তরুণদের জন্য নেতৃত্ব শেখা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আগামী বছরে তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ জোরদার, উদ্যোক্তা তৈরি এবং নারীসহ সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, একজন আর্কিটেক্ট হিসেবে পরিকল্পনা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দলগতভাবে কাজ করতে চান। সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
অনুষ্ঠানে ২০২৫ সালের বিদায়ী লোকাল প্রেসিডেন্ট রাদিবানুর জারনাস তাঁর মেয়াদকালের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে সামাজিক কার্যক্রম, সদস্য উন্নয়ন প্রোগ্রাম এবং আর্থিক স্বচ্ছতার বিষয়গুলো তুলে ধরা হয়। উপস্থিত সদস্যরা বিদায়ী বোর্ডের কাজের জন্য প্রশংসা জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৫ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই ঢাকা ডায়নামিকের ফাউন্ডার প্রেসিডেন্ট তানভীর সাদ এবং ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশনার ইস্তিয়াক এইচ. খান। তাঁদের উপস্থিতি সংগঠনের ঐক্য ও ধারাবাহিক নেতৃত্ব বিকাশের বার্তা দেয়।
জেসিআই ঢাকা ডায়নামিক তরুণ উদ্যোক্তা ও তরুণ নেতাদের নিয়ে কাজ করা একটি সংগঠন, যা নেতৃত্ব দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করে। নতুন নেতৃত্বের মাধ্যমে ২০২৬ সালে সংগঠনটি আরও সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্য ও শুভানুধ্যায়ীরা।

