উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক নিরাপত্তা ত্রুটি নিয়ে ক্রমেই বাড়ছে ব্যবহারকারীদের ভোগান্তি। চলতি বছরের ১৭ জানুয়ারি জরুরি নিরাপত্তা হালনাগাদ প্রকাশের পর থেকেই একাধিক নতুন সমস্যার মুখে পড়েন উইন্ডোজ ব্যবহারকারীরা। পরিস্থিতি সামাল দিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জরুরি নিরাপত্তা প্যাচ প্রকাশ করতে বাধ্য হয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ জানুয়ারির আপডেট ইনস্টল করার পর আউটলুকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপে ক্লাউডভিত্তিক স্টোরেজ সেবার সঙ্গে সংযোগে সমস্যা দেখা দেয়। বিশেষ করে ওয়ানড্রাইভ ও ড্রপবক্সে সংরক্ষিত ফাইল খোলা বা সেখানে নতুন ফাইল সংরক্ষণ করা যাচ্ছিল না। যাঁরা ওয়ানড্রাইভে পিএসটি ফাইল রেখে আউটলুক ব্যবহার করতেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে—অনেক সময় অ্যাপ্লিকেশনটি চালুই হচ্ছিল না।
এই জটিলতার সমাধানে মাইক্রোসফট নতুন করে ‘KB 5078127’ নামের একটি জরুরি নিরাপত্তা প্যাচ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই হালনাগাদে আগের ‘আউট অব ব্যান্ড’ আপডেটের সব সংশোধনী যুক্ত করা হয়েছে। এর আগে ওই আপডেটে উইন্ডোজ ক্লাউড ডিভাইসে রিমোট কানেকশন এবং ‘সিকিউর লঞ্চ’–সংক্রান্ত একাধিক ত্রুটি ঠিক করা হয়েছিল।
মাইক্রোসফট জানিয়েছে, যেসব ব্যবহারকারী এখনো ওয়ানড্রাইভ, ড্রপবক্স বা অন্যান্য ক্লাউড স্টোরেজ সেবায় ফাইল ব্যবহারে সমস্যায় পড়ছেন, তাঁদের দ্রুত নতুন প্যাচটি ইনস্টল করা প্রয়োজন। উইন্ডোজ সেটিংসে গিয়ে ‘Windows Update’ অপশন নির্বাচন করলে KB 5078127 হালনাগাদটি দেখা যাবে। এ ছাড়া ‘Check for updates’ বাটনে ক্লিক করলেও আপডেটটি পাওয়া যাবে। ইনস্টল সম্পন্ন হলে কম্পিউটার পুনরায় চালু করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে পরপর দুটি জরুরি নিরাপত্তা হালনাগাদ প্রকাশের পরও উইন্ডোজে নতুন আরেকটি ত্রুটির সন্ধান মিলেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট AskWoody–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ত্রুটির কারণে সীমিতসংখ্যক উইন্ডোজ কম্পিউটার সম্পূর্ণভাবে বুট হচ্ছে না। সমস্যাটি মূলত উইন্ডোজ ১১–এর ২৫এইচ২ ও ২৪এইচ২ সংস্করণে দেখা গেছে।
এ ধরনের পরিস্থিতিতে ব্যবহারকারীদের উইন্ডোজ রিকভারি মোড ব্যবহার করে সিস্টেম পুনরুদ্ধার করতে হচ্ছে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশ জটিল ও সময়সাপেক্ষ। মাইক্রোসফট জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত এই বুট–সংক্রান্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান প্রকাশ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনা উইন্ডোজ আপডেট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ প্রকাশের পাশাপাশি সেগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করাও মাইক্রোসফটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

